News & Articles
You will get the latest news about Astronomy
2026 January 11
27 views

UTC ও GMT সময় কী? আকাশ পর্যবেক্ষণ ও মহাকাশ গবেষণায় সময় এত গুরুত্বপূর্ণ কেন?
আকাশ পর্যবেক্ষণ,আবহাওয়া বিশ্লেষণ কিংবা মহাকাশ গবেষণায় সময়ের সঠিক হিসাব খুবই গুরুত্বপূর্ণ। এজন্য পুরো বিশ্ব একটি মান সময় অনুসরণ করে। এই মান সময়ের কেন্দ্রেই রয়েছে UTC ও GMT। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য কী? কেন এখন UTC বেশি ব্যবহৃত হয়? চলুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক।


UTC বনাম GMT সময় : এর সংক্ষিপ্ত ইতিহাস ও পার্থক্য

বিশ্বজুড়ে আবহাওয়া সংক্রান্ত সব ধরনের পর্যবেক্ষণ যেমন ভূপৃষ্ঠ, রাডার এবং অন্যান্য ডেটা সবসময় একটি নির্দিষ্ট মান সময়ের ভিত্তিতে নেওয়া হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পৃথিবীর আবহাওয়া ও বিজ্ঞানভিত্তিক কমিউনিটিগুলো ২৪ ঘণ্টার সময় পদ্ধতি ব্যবহার করে, যা গ্রিনিচ মেরিডিয়ান বা ০° দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে নির্ধারিত।

UTC-এর ধারণার জন্ম হয় উনিশ শতকের শেষ দিকে। তখন রেলপথ ও নৌপরিবহন বাড়ার ফলে দূরবর্তী অঞ্চলের মধ্যে ব্যবসা ও যোগাযোগের জন্য একটি অভিন্ন সময় ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। অনেক সময় UTC এবং GMT শব্দ দুটি একে অপরের জায়গায় ব্যবহার করা হয়। সাধারণ কথাবার্তায় এটি চললেও প্রযুক্তিগতভাবে দুটো এক নয়।

GMT বা Greenwich Mean Time একটি নির্দিষ্ট টাইম জোন। ১৯৭২ সালের আগে এই সময়কে বলা হতো গ্রিনিচ মিন টাইম বা GMT। পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, সংক্ষেপে UTC। এই সময় ব্যবস্থাটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে Bureau International des Poids et Mesures (BIPM)। অনেক সময় UTC-কে “Z Time” বা “Zulu Time” নামেও ডাকা হয়।

১৮৮৪ সালে আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলনে এটি বৈশ্বিক মান হিসেবে স্বীকৃতি পায়। সেই সম্মেলনেই পৃথিবীর প্রধান দ্রাঘিমা রেখা নির্ধারণ করা হয়, যা লন্ডনের রয়্যাল অবজারভেটরি, গ্রিনিচ দিয়ে গেছে।

১৮৮৪ সাল থেকে প্রায় ১৯৫০ দশক পর্যন্ত GMT-ই ছিল বিশ্বের মান সময়। কিন্তু ১৯৫০-এর দশকে অ্যাটমিক ঘড়ির আবিষ্কার সময় গণনায় বিপ্লব ঘটায়। সূর্যের ওপর নির্ভরশীল সময়ের চেয়ে অ্যাটমিক ঘড়ি অনেক বেশি নির্ভুল ছিল।

১৯৬০ সালে প্রথমবারের মতো অ্যাটমিক সময় ব্যবস্থার ব্যবহার শুরু হয় এবং ১৯৬৭ সালে আনুষ্ঠানিকভাবে UTC নামটি গৃহীত হয়। এর কিছু সময় পরেই GMT-এর জায়গা নেয় UTC।

যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে স্থানীয় সময় জানার জন্য UTC থেকে নির্দিষ্ট সংখ্যক ঘণ্টা বিয়োগ করতে হয়। কত ঘণ্টা কমবে তা নির্ভর করে আপনি গ্রিনিচ (ইংল্যান্ড) থেকে কতটি টাইম জোন দূরে আছেন তার ওপর। সাধারণত বিভিন্ন টাইম জোনের সাথে UTC-এর সময় পার্থক্য একটি নির্দিষ্ট টেবিলের মাধ্যমে দেখানো হয়।

ডে লাইট সেভিং টাইম (DST) পরিবর্তনের কোনো প্রভাব UTC-এর ওপর পড়ে না। কারণ UTC সবসময় গ্রিনিচ মেরিডিয়ানের সময় নির্দেশ করে এবং এতে গ্রীষ্মকালীন বা শীতকালীন সময় পরিবর্তন ধরা হয় না।

তবে স্থানীয় সময়ের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। ডে লাইট সেভিং টাইম চলাকালে স্থানীয় সময় সাধারণ সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোন সাধারণ সময়ে UTC-5 হলেও ডে লাইট সেভিং টাইম চলাকালে তা হয়ে যায় UTC-4।

সংক্ষেপে বলা যায়, GMT একটি টাইম জোন আর UTC একটি সময়ের মানদণ্ড। নির্ভুলতার দিক থেকে UTC হলো GMT-এর উন্নত সংস্করণ।

UTC বনাম GMT: পার্থক্য কোথায়?

অনেকে UTC ও GMT একই মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে। 

GMT কী?

  • একটি টাইম জোন•সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত
  • ১৮৮৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত
  • লিপ সেকেন্ড নেই 

UTC কী?

  • একটি সময় মানদণ্ড
  • অ্যাটমিক ঘড়ির ওপর ভিত্তি করে তৈরি
  • অত্যন্ত নির্ভুল
  • প্রয়োজনে লিপ সেকেন্ড যোগ করা হয় 

সহজভাবে বলা যায়, GMT সূর্যভিত্তিক সময় আর UTC অ্যাটমিক ঘড়িভিত্তিক সময়।

UTC কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

UTC-এর পূর্ণ নাম Coordinated Universal Time। এই সংক্ষিপ্ত নামটি একটি সমঝোতার ফল।

ইংরেজি ভাষীরা চাইতেন CUT, আর ফরাসিরা চেয়েছিলেন TUC (temps universel coordonné)। শেষ পর্যন্ত সবাই মিলে UTC নামটিতেই একমত হয়। UTC হলো পৃথিবীজুড়ে সময় নির্ধারণের মানদণ্ড। বিশ্বের সব টাইম জোন UTC-কে কেন্দ্র করে এগিয়ে বা পিছিয়ে থাকে।

সহজভাবে বললে, UTC হলো সময় ব্যবস্থার মূল ভিত্তি। এটি কোনো নির্দিষ্ট দেশের সময় নয়, বরং একটি আন্তর্জাতিক সময় মান, যার ওপর ভিত্তি করে সারা বিশ্বের ঘড়ি ও সময় গণনা করা হয়। UTC কোনো টাইম জোন নয়, তাই এতে ডে লাইট সেভিং টাইম (DST) প্রযোজ্য হয় না। এটি সবসময় ২৪ ঘণ্টার ঘড়ি পদ্ধতিতে লেখা হয়, যেমন 18:30 UTC বা 03:15 UTC। এই কারণে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে UTC ব্যবহার করলে সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয় না।

পর্যবেক্ষণে UTC ব্যবহার ?

আপনি যখন কোনো আসন্ন মহাকাশীয় ঘটনা সম্পর্কে পড়েন, যেমন চন্দ্রগ্রহণ, গ্রহের উদয় বা উল্কাবৃষ্টি, তখন প্রায়ই লক্ষ্য করবেন সময়টি UTC অনুযায়ী দেওয়া থাকে। অনেকের মনেই প্রশ্ন আসে, এই UTC আসলে কী এবং এটি আমাদের আকাশ পর্যবেক্ষণের পরিকল্পনায় কীভাবে কাজে লাগে?

UTC কীভাবে পর্যবেক্ষণ পরিকল্পনায় সাহায্য করে?

ধরুন, কোনো আর্টিকেলে লেখা আছে “শনি গ্রহ 18:35 UTC-এ উদয় হবে।” এখন এই সময়টি আপনার অবস্থান অনুযায়ী রূপান্তর করলেই আপনি জানতে পারবেন ঠিক কখন আকাশে তাকাতে হবে।

উদাহরণ হিসেবে:•বাংলাদেশ সময় হলো UTC +6 •তাই 18:35 UTC + 6 ঘণ্টা = রাত 12:35 (বাংলাদেশ সময়)

এইভাবে UTC থেকে নিজের স্থানীয় সময় বের করে নিলেই আপনি সহজেই পর্যবেক্ষণের সময় ঠিক করতে পারেন।

UTC ও সময় অঞ্চল: একটি সহজ উদাহরণ

বিশ্বের প্রতিটি জায়গা UTC থেকে নির্দিষ্ট সময় এগিয়ে বা পিছিয়ে থাকে। যেমন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টরেন্স শহর সাধারণত UTC -8 সময় অঞ্চলে পড়ে। অর্থাৎ সেখানে সময় UTC-এর চেয়ে ৮ ঘণ্টা কম। ডে লাইট সেভিং টাইম চলাকালে এই পার্থক্য এক ঘণ্টা কমে গিয়ে হয় UTC -7। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, UTC নিজে কখনো বদলায় না, বদলায় শুধু স্থানীয় সময়।

UTC অবস্থান ও সময় পার্থক্য

UTC এবং GMT দুটোই প্রাইম মেরিডিয়ানের ওপর ভিত্তি করে নির্ধারিত। UTC-তে কখনো ডে লাইট সেভিং টাইম প্রযোজ্য হয় না এবং বিভ্রান্তি এড়াতে সাধারণত ২৪ ঘণ্টার ঘড়ি পদ্ধতি ব্যবহার করা হয়। পাইলটরা দ্রুত টাইম জোন পরিবর্তন করেন বলে তারা মূলত UTC-ই ব্যবহার করেন। বিশ্বের অন্যান্য টাইম জোন UTC থেকে নির্দিষ্ট ঘণ্টা, কখনো আধা ঘণ্টা বা ১৫ মিনিট পার্থক্যে অবস্থান করে।

উদাহরণস্বরূপ, উত্তর আমেরিকার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম শীতকালে UTC-5 হিসেবে পরিচিত। যেসব অঞ্চলে ডে লাইট সেভিং টাইম চালু থাকে, সেখানে গ্রীষ্মকালে UTC-এর সাথে সময় পার্থক্য পরিবর্তিত হয়। যেমন, ইস্টার্ন ডে লাইট টাইম হয় UTC-4। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও পর্তুগাল শীতকালে UTC-এর সাথে একই থাকে।

কিন্তু গ্রীষ্মকালে তারা এক ঘণ্টা এগিয়ে যায় এবং তখন ভিন্ন নাম ব্যবহার করা হয়, যেমন British Summer Time। সবচেয়ে এগিয়ে থাকা টাইম জোন হলো UTC+14, যেখানে নতুন বছর সবার আগে শুরু হয়। কিরিবাতির লাইন দ্বীপপুঞ্জ এই অঞ্চলে অবস্থিত। আর সবচেয়ে পিছিয়ে থাকা টাইম জোন হলো UTC-12, যেখানে নতুন বছর সবচেয়ে দেরিতে শুরু হয়।

কেন GMT-এর জায়গা নিল UTC?

২০শ শতকের মাঝামাঝি সময়ে অ্যাটমিক ঘড়ির আবিষ্কার সময় গণনায় বিপ্লব আনে। সূর্যের ওপর নির্ভরশীল GMT সময়ের তুলনায় অ্যাটমিক ঘড়ি অনেক বেশি নির্ভুল। এই কারণে ১৯৬০ সালে অ্যাটমিক সময় ব্যবহার শুরু হয় এবং ১৯৬৭ সালে UTC নামটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং ধীরে ধীরে GMT-এর জায়গা নেয় UTC

বর্তমানে GMT শব্দটি অনেক সময় অভ্যাসবশত UTC বোঝাতে ব্যবহৃত হয়।

বিশ্বের সবচেয়ে এগিয়ে ও পিছিয়ে থাকা সময়

  • সবচেয়ে এগিয়ে: UTC +14 (কিরিবাতির লাইন দ্বীপপুঞ্জ, যেখানে নতুন বছর সবার আগে শুরু হয়)
  • সবচেয়ে পিছিয়ে: UTC -12 (বেকার আইল্যান্ড ও হাওল্যান্ড আইল্যান্ড, যেখানে নতুন বছর সবার শেষে শুরু হয়)
জ্যোতির্বিজ্ঞানে UTC কেন ব্যবহার করা হয়?

জ্যোতির্বিজ্ঞানে সময়ের সামান্য ভুলও বড় পার্থক্য তৈরি করতে পারে। গ্রহের উদয়-অস্ত, গ্রহণ, উল্কাবৃষ্টি বা কোনো মহাকাশযানের অবস্থান নির্ধারণে সেকেন্ডের হিসাবও গুরুত্বপূর্ণ। এই কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত UTC ব্যবহার করে জানান: কখন কোনো গ্রহ উদয় বা অস্ত যাবে,কখন গ্রহণ শুরু বা শেষ হবে এবং কখন কোনো বিরল আকাশীয় ঘটনা দেখা যাবে


এরপর পর্যবেক্ষকরা নিজেদের সময় অঞ্চল অনুযায়ী UTC থেকে সময় যোগ বা বিয়োগ করে সঠিক পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন।

টাইম জোনের রঙের ব্যাখ্যা

রঙ ব্যাখ্যা
হালকা নীল  পশ্চিম ইউরোপীয় সময় / গ্রিনিচ মিন টাইম (UTC)
নীল  পশ্চিম ইউরোপীয় সময় ও পশ্চিম ইউরোপীয় সামার টাইম (UTC+1)
লাল মধ্য ইউরোপীয় সময় (UTC+1) ও সামার টাইম (UTC+2)
হলুদ পূর্ব ইউরোপীয় সময় / কালিনিনগ্রাদ সময় (UTC+2)
সোনালি পূর্ব ইউরোপীয় সময় ও সামার টাইম (UTC+3)
হালকা সবুজ মস্কো সময় / তুরস্ক সময় (UTC+3)


হালকা রঙ নির্দেশ করে যেখানে সারা বছর স্ট্যান্ডার্ড সময় ব্যবহৃত হয়। গাঢ় রঙ নির্দেশ করে যেখানে গ্রীষ্মকালীন সময় বা ডে লাইট সেভিং টাইম চালু থাকে।


সংক্ষেপে বললে,

  • GMT একটি টাইম জোন•UTC হলো আন্তর্জাতিক সময়ের মান
  • এটি ডে লাইট সেভিং টাইম অনুসরণ করে না
  • জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে UTC সবচেয়ে নির্ভরযোগ্য
  • UTC বোঝা মানেই আকাশের ঘটনাগুলো সঠিক সময়ে দেখার এক ধাপ কাছে পৌঁছে যাওয়া।
  • UTC জানলে আকাশ পর্যবেক্ষণের পরিকল্পনা অনেক সহজ হয়ে যায়


নিবন্ধ: এফ. রহমান

তথ্যসূত্র: ইন্টারনেট